Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কেইনের হাতেই ব্যালন ডি’অর, মেয়েদের মধ্যে জয়ী পুতেয়াস

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৬ ০৮:০৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১০:৩২

কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে ব্যালন ডি’অরের ৭০তম আসরে পুরুষদের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন। নারীদের বিভাগে সেরার পুরস্কার উঠেছে আলেক্সিয়া পুতেয়াসের হাতে।

সোমবার লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে ব্যালন ডি’অরের ভোটাভুটিতে কেইনের পরের দুই স্থানে ছিলেন কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামাল। চতুর্থ হয়েছেন রদ্রি, পঞ্চম লিওনেল মেসি।

এ নিয়ে ৪৫ বছর পর বায়ার্ন মিউনিখের কোনো ফুটবলার ব্যালন ডি’অর জিতলেন। ইংল্যান্ডেরও দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। ইংল্যান্ডের কোনো ফুটবলার সর্বশেষ এই পুরস্কার পেয়েছিলেন ২০০১ সালে, মাইকেল ওয়েন। ২৫ বছর পর সেই ধারায় ছেদ টানলেন ৩৩ বছর বয়সী কেইন।

বিজ্ঞাপন

এবার মাঠে হ্যারি কেইনের পারফরম্যান্স ছিল রীতিমতো অবিশ্বাস্য। ২০২৫-২৬ মৌসুমে বায়ার্নের হয়ে ৫১ ম্যাচে করেছেন ৬১ গোল। ইংল্যান্ডের জার্সিতে করেছেন আরও ১২টি গোল। সব মিলিয়ে ৬৫ ম্যাচে তাঁর গোল সংখ্যা ৭৩টি। বায়ার্নের হয়ে জিতেছে বুন্দেসলিগা ও জার্মান কাপ। বিশ্বকাপেও ছয় গোল করে ইংল্যান্ডকে তৃতীয় স্থানে পৌঁছাতে বড় ভূমিকা ছিল কেইনের।

পুরস্কার হাতে নিয়ে আবেগ ধরে রাখতে পারেননি ইংলিশ অধিনায়ক। নিজের সাফল্যের জন্য সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন তিনি, ‘বায়ার্নের সতীর্থরা এবং দলের বাকি সদস্যরা না থাকলে এটি সম্ভব হতো না। তোমরা আমাকে যেভাবে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছ, যেভাবে আমরা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি, সে জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’

তরুণদের জন্য কিছু বার্তাও দিতে চেয়েছেন এবারের ব্যালন ডি’অর জয়ী। কেইন বলেছেন, ‘এটি পুরো যাত্রার গল্প। কেউ না দেখলেও কঠোর পরিশ্রম করে যেতে হবে। স্বপ্নপূরণ করতে চাওয়া প্রতিটি ছেলে কিংবা মেয়েকে বলতে চাই, সবকিছুই সম্ভব। আমি এমন কোনো শিশু ছিলাম না, যে সরাসরি সাফল্যের চূড়ায় পৌঁছে গেছে। আমাকেও কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।’

আবারও নারীদের ব্যালন ডি’অর জিতে আলোচনায় আলেক্সিয়া পুতেয়াস। স্পেনের এই মিডফিল্ডার তৃতীয়বারের মতো পুরস্কারটি জিতেছেন; এর আগে ২০২১ ও ২০২২ সালেও সেরা হয়েছিলেন তিনি। বার্সেলোনা ছেড়ে জুলাইয়ে ইংলিশ ক্লাব লন্ডন সিটি লায়নেসেসে যোগ দেন পুতেয়াস।

পুরস্কারের অন্য বিভাগেও ছিল স্প্যানিশ ফুটবলের প্রাধান্য। টানা তৃতীয়বারের মতো সেরা তরুণ পুরুষ ফুটবলারের পুরস্কার জিতেছেন লামিনে ইয়ামাল। সেরা পুরুষ দলের কোচ হয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে, আর নারীদের বিভাগে সেরা কোচ বার্সেলোনার পেরে রোমেউ।

সেরা পুরুষ গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন উনাই সিমোন, নারীদের বিভাগে সেরা কাতা কোল। পুরুষদের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে প্যারিস সেন্ট জার্মেই, নারীদের বিভাগে বার্সেলোনা। মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সক্রেটিস পুরস্কার জিতেছেন আর্সেনালের বুকায়ো সাকা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর