Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামজাকে নিয়ে মাথাব্যথা নেই— বললেন পাকিস্তানের গোলরক্ষক

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ১৩:২১ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬ ১৮:২৭

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ বাট কিছুটা মনস্তাত্ত্বিক লড়াইয়ে জড়াতে চাইলেন কিনা কে জানে! বলেছেন, হামজা চৌধুরীকে নিয়ে কোনো মাথাব্যথা নেই। অথচ পরিসংখ্যান বলছে বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করতে হলে হামজাকে নিয়ে ভাবতেই হবে। সম্প্রতি হামজার পায়েই বারবার সাফল্য পাচ্ছে বাংলাদেশ, বিশেষ করে দেশের মাটিতে।

আগামীকাল শনিবার রাত সাড়ে আটটায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আজ অনুশীলন করেছে পাকিস্তান। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হামজাকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন বাট। তাঁর কাছে প্রতিপক্ষের তারকা ফুটবলারকে ঠেকানোর চেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুর বিপক্ষে খেলা।

বিজ্ঞাপন

‘হামজা বা অন্য কাউকে নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলা।’

বাটের এমন মন্তব্য বাস্তবতা বিরোধী। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেছেন হামজা। তার মধ্যে দেশের মাটিতে খেলেছেন পাঁচ ম্যাচ। এই পাঁচ ম্যাচে গোল করেছেন চারটি, করিয়েছেন একটি। একদিন আগে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। নিজে এক গোল করেছেন। প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নেমেছেন এবং অধিনায়ক হিসেবে আলাদাভাবে নজড় কেড়েছেন।

হামজাকে অবশ্য ভালো ফুটবলার হিসেবে মেনে নিয়েছেন পাকিস্তানি গোলরক্ষক। তবে বলেছেন তাদের দলেও আছে ভালোভালো ফুটবলার।

ইউসুফ বাট বলেন, ‘তাদের দিক থেকে বলতে গেলে, হ্যাঁ, তারা ভালো খেলোয়াড়। আমাদেরও খুব ভালো খেলোয়াড় রয়েছে। হামজা চৌধুরীকে নিয়ে অনেক আলোচনা হয়। তবে আমাদের দলে আবদুল্লাহ ইকবাল আছে, ঈসা সুমান আছে, আদিল নবী আছে, আবদুল আরশাদ আছে। তাই আমি মনে করি যে, হ্যাঁ, তারা দুর্দান্ত খেলোয়াড়। গ্যারান্টি দিচ্ছি যে আমাদের দলেও দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।’

কাল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। অপর সেমিফাইনাল খেলবে ভারত-ভুটান। গ্রুপ পর্বর ম্যাচে ভারতের বিপক্ষে নাজুকভাবে হেরেছে পাকিস্তান।

পাকিস্তান গোলরক্ষকের প্রত্যাশা তারা বাংলাদেশকে হারাবে অপর দিকে ভারত ভুটানকে হারাবে। ফাইনালে ভারতকে চান ইউসুফ বাট। বলেছেন, ‘আমি সত্যিই ভারতের বিরুদ্ধে আবারও খেলতে চাই, কারণ আমাদের জন্য ম্যাচটি খুবই, খুবই, খুবই খারাপ একটা ম্যাচ ছিল। আমি বলব গত ১২-১৩ ম্যাচের মধ্যে এটি হয়তো আমাদের সবচেয়ে খারাপ খেলা ছিল। তাই আমি আশা করি যে ইনশাআল্লাহ আমরা ফাইনালে আবারও তাদের মুখোমুখি হবো, তবে এক ম্যাচে এক ধাপে এগোতে হবে, এখন আমাদের সামনে বাংলাদেশ।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর