জোহানেসবার্গ টেস্টে দারুণ লড়াই করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ পর্যন্ত ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে দুর্দান্ত ফর্মে থাকা পেসার হাসান মাহমুদকে নিয়ে দেখা দিয়েছে বড় দুশ্চিন্তা। সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে তিনদিন পর। সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত হতে যাওয়া সেই টেস্টে হাসানের খেলা নিয়ে শঙ্কা।
সম্প্রতি বাংলাদেশের জার্সি গায়ে বিশ্বক্রিকেটে দাপট দেখিয়ে যাচ্ছেন হাসান, বিশেষ করে টেস্টে। উইকেট তুলে নিচ্ছেন মুড়িমুড়কির মতো! সর্বশেষ ৬ টেস্টে উইকেট নিয়েছেন ২৭টি!
জাতীয় দলের হয়ে টানা খেলে যাচ্ছেন হাসান। মাঝখানে খেলেছেন কাউন্টি ক্রিকেটে। ফলে ওয়ার্কলোডে বিষয়টি সামনে আসছে। এদিকে, ডানহাতি এই পেসারের টেনিস এলবোর পুরনো সমস্যাটাও আবার নতুন করে জেগে উঠেছে। পরবর্তী টেস্ট শুরুর আগে বিরতি কম। ফলে এই অল্প সময়ের মধ্যে হাসানকে আরেকটা টেস্ট খেলতে নামিয়ে দেওয়া হবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন।
সেঞ্চুরিয়ান টেস্টে হাসানের খেলা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারলেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। আজ ম্যাচ শেষে শান্ত বলেছেন, ‘এখনো নিশ্চিত নই। ফিজিও ও ট্রেনার ওকে (হাসান) দেখবেন। ফিট থাকলে খেলবে। তবে ওর শারীরিক অবস্থা কেমন, সেটা নিয়ে আমরা এখনো নিশ্চিত নই।’
জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসেই ত্রিশ ওভারের বেশি বোলিং করেছেন হাসান। বাংলাদেশের তৃতীয় পেসার ইবাদত হোসেনকে দিয়ে সেভাবে বোলিং করাননি শান্ত। ইবাদতের বোলিং প্রতিপক্ষ খুব সহজেই খেলতে পারছিল বলে। তাতে বাড়তি বোলিংয়ের চাপও সামলাতে হয়েছে হাসান মাহমুদকে।
ম্যাচ শেষে প্রশ্ন উঠছে, বোলিং করাতে না গেলে কেনোই-বা ইবাদতকে একাদশে রাখা হলো যেখানে শরিফুল ইসলামের মতো ফর্মে থাকা পেসার ছিলেন স্কোয়াডে। শান্ত তার ব্যাখ্যায় বলেছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম নতুন বলের বোলার। ইবাদতকে নেওয়া হয়েছিল বল পুরনো হলে যাতে তিনি কার্যকর হতে পারেন।
শান্ত বলেছেন, ‘আমাদের যে পাঁচ-ছয়জন বোলার আছে, তাদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে হয়। অনেকেই টানা দুই-তিনটি টেস্ট খেলার মতো অবস্থায় নেই। বিকল্প বোলারও খুব বেশি নেই।’