Saturday 28 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইংল্যান্ড সিরিজ খেলে অবসরে মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৬ ১৮:২৮ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ ১৯:৩১

নিজের ১০০তম টেস্টে দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি পার করেছেন মুশফিক

টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে আগেই অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে তিনিই কেবল টেস্ট ক্রিকেট খেলে যাচ্ছিলেন। সেই যাত্রাটা শেষ হতে যাচ্ছে আসন্ন ইংল্যান্ড সিরিজে। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের প্রথম টেস্ট খেলে অবসরে যাবেন মুশফিক।

শনিবার (২৮ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, কয়েক দিন আগেই ফোন করে নিজের সিদ্ধান্তের কথা তাকে জানিয়েছেন মুশফিক। এরপর বিষয়টি নিয়ে দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়েছে।

বিজ্ঞাপন

তামিম বলেন, ‘মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসর নেবে। কয়েক দিন আগে মুশফিক আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এরপর নিয়মিত তার সঙ্গে যোগাযোগ হয়েছে।’

মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারের বিদায় ঘোষণার ধরন নিয়েও নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। চেয়েছিলেন, নিজেই সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেবেন মুশফিক। তবে মুশফিক তামিমকে ঘোষণাটা দিতে অনুরোধ করেন।

তামিম বলেন, ‘আমি তাকে বলেছিলাম, নিজেই সংবাদ সম্মেলন করে বিষয়টি ঘোষণা করতে। ফেসবুকে স্ট্যাটাস না দিতেও অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশের ক্রিকেটের অসাধারণ একজন সেবক। আমি চেয়েছিলাম বিষয়টি যথাযথভাবে হোক। তবে মুশফিকের অনুরোধেই আজ আমি এই ঘোষণা দিচ্ছি’।

মুশফিকের অবসরের সিদ্ধান্তে আক্ষেপও ঝরেছে তামিমের কণ্ঠে। একই সঙ্গে তার শেষ টেস্টকে স্মরণীয় করে রাখার প্রত্যয় জানিয়েছেন বিসিবি সভাপতি। ‘তার মানের একজন ক্রিকেটার খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা ভেবে আমার খারাপ লাগছে। তবে এই টেস্ট ম্যাচটিকে আমরা একটি স্মরণীয় আয়োজন হিসেবে দেখতে চাই।’

এখন পর্যন্ত ১০৮ টেস্ট খেলা এই উইকেটকিপার ব্যাটার ১৯৯ ইনিংসে করেছেন ৭ হাজার ৬২ রান। টেস্টে তার সেঞ্চুরি ১৪টি।

এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ের অন্যতম ভরসা ছিলেন মুশফিক। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শেষবারের মতো সাদা পোশাকে ব্যাট হাতে নামার অপেক্ষা তার।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর