মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকরের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের আইন সবাইকে শ্রদ্ধা করতে হবে। একইভাবে সব দেশের আইনকে সংশ্লিষ্ট দেশগুলোর সম্মান করা উচিত।’
ময়মনসিংহ বিভাগের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে ৩ হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পরিকল্পনাগত ধাপ অতিক্রম করেছে প্রকল্পটি। বাস্তবায়িত হলে বিভাগের প্রতিটি উপজেলায় উন্নয়নের সুফল পৌঁছাবে।’
সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের শেষ পর্যায়ে রয়েছে।
ঢাকার যানজট পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আগে যানবাহনের গতি ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার থাকলেও বর্তমানে তা বেড়ে ১১ থেকে ১২ কিলোমিটারে পৌঁছেছে। যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বয়ংক্রিয় ক্যামেরা ও ট্রাফিক লাইট স্থাপন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে একটি নিষিদ্ধ সংগঠন আগুন সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। এসব অপতৎপরতা রুখতে সাংবাদিকসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি হামিদুল হক মানিকের সভাপতিত্বে ও সচিব গোলাম কিবরিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, নেত্রকোনা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ, টাঙ্গাইল জেলা সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সাংবাদিক লুৎফুল বারী হামিম, দৈনিক আজকের খবরের সম্পাদক মোশারফ হোসেন, মোহনা টেলিভিশনের হেড অব নিউজ ডিইউজের সহসভাপতি রাশেদুল হক, সাংবাদিক বাদল সরকার, সৌরভ জাহাঙ্গীর, সিরাজুল ইসলাম, সামছুর রহমান শামস ও দেলোয়ার হোসেন প্রমুখ।