টাঙ্গাইল: বৈষম্যবিরোধী আন্দোলনে টাঙ্গাইলে পুলিশের গুলিতে স্কুলছাত্র মারুফ নিহতের ঘটনায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ ৫৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
আসামিদের মধ্যে রাজ্জাক-টিটুসহ টাঙ্গাইলের ছয়জন সাবেক সংসদ সদস্য রয়েছেন। বাকিরা হলেন- সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির, ছানোয়ার হোসেন, খান আহমেদ শুভ, অনুপম শাজাহান জয় রয়েছেন।
এছাড়া মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীরের নাম করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১৮ আগস্ট) বিকেলে টাঙ্গাইল সদর থানায় নিহত মারুফের মা মোর্শেদা আক্তার বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে বিজয় মিছিল নিয়ে টাঙ্গাইল সদর থানার কাছে পৌছলে পুলিশ গুলি চালায়। একটি বুলেট মারুফের মাথায় বিদ্ধ হলে মাটিয়ে লুটিয়ে পড়ে মারুফ। টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করে ডাক্তার। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোর্শেদা আক্তার জানতে পারেন মারুফ পুলিশের গুলিতে মারা যান। আন্দোলনে নিহত মারুফের মায়ের একটাই দাবি রাষ্ট্রীয়ভাবে মারুফের শহীদের মর্যাদা দেওয়া হোক।