Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় মা-ছেলে হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৪ ১৮:৩০

নওগাঁ: নওগাঁয় মা ও ছেলেকে হত্যার দায়ে একমাত্র আসামি সুমন সরকার ওরফে টিটুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মোখলেছুর রহমান এ রায় দেন। প্যানেল কোড-এর ৩০২ ধারা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুমন সরকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তুলারামপুর এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা গেছে, মার্কেন্টাইল ব্যাংক নওগাঁ শাখার তৎকালীন ম্যনেজার শ্রী জয়ন্ত কুমার সরাকার তার স্ত্রী নিতা সরকার ওরফে পিংকি (২৫), একমাত্র পুত্র জয়তু সরকার ওরফে তুর্য (১০)’কে নিয়ে নওগাঁ শহরের উকিল পাড়ায় আলটিমেট ড্রিম বিল্ডিং-এর ৬ষ্ঠ তলায় ০৫ এফ নম্বর ফ্লাটে বসবাস করছিলেন। ঘটনার দিন অনুমান সন্ধ্যা ৭টার মধ্যে নিতা সরকার ওরফে পিংকি এবং জয়তু সরকার তুর্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামি পালিয়ে যায়।

বিজ্ঞাপন

২০১২ সালের ১৮ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় জয়ন্ত কুমার সরকার নওগাঁ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সমীর চন্দ্র সূত্রধর যাবতীয় কাগজপত্র ও পারিপার্শ্বিকতা তদন্ত করে বাদী জয়ন্ত কুমার সরকারের কাছে আত্মীয় সুমন সরকার ওরফে টিটুকে জিজ্ঞাবাদের জন্য আটক করেন। জিজ্ঞাসাবাদে আসামি সুমন হত্যা করার কথা স্বীকার করেন।

পরে তদন্তকারী কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করলে ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া ১৬৪ ধারা জবানবন্দিতে সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তদন্ত ও স্বাক্ষ্য প্রমাণে আসামি সুমন সরকার টিটু’র বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলে আসামির বিরুদ্ধে ৩০২ ধারায় নওগাঁ জেলার সদর মডেল থানার অভিযোগপত্র নম্বর ৩০৪ তারিখ ১৫-০৬-২০১৩ মোতাবেক বিচারের জন্য বিজ্ঞ আদালতে পেশ করা হয়। দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক আসামীর বিরুদ্ধে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষে বিজ্ঞ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সামসুর রহমান এবং আসামি পক্ষে অ্যাডভোকেট শুভ্র সাহা মামলাটি পরিচালনা করেন।

সারাবাংলা/এনইউ
বিজ্ঞাপন

আরো