মুন্সীগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট মুন্সীগঞ্জে নিহত তিন পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব খায়ের কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সাইদুল রহমান বাবুল নিহতদের পরিবারের সদস্যসদের হাতে এ অনুদান তুলে দেন।
বুধবার (২১ আগস্ট) দুপুরের শহরের ইসলামপুর এলাকায় নিহত তিনজনের স্বজনদের সঙ্গে দেখা করে সহযোগিতার অর্থ তুলে দেন। আর্থিক সহযোগিতা ছাড়াও যেকোনো প্রয়োজনে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিএনপি নেতারা।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেন, গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা সরকারের বিচারের দাবি তোলা হবে। একইসাথে রাষ্ট্রকর্তৃক নিহতদের শহীদী মর্যাদার জন্য বিএনপি কাজ করবে। নিহত পরিবারের কর্মসংস্থান সহ যেকোনো প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করা হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, সদস্য সচিব কামরুজ্জামান রতন প্রমুখ।