Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে সংঘর্ষে নিহত ৪, আহত অর্ধশতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৪ ১৩:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদীর রায়পুরার চরাঞ্চল শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত অর্ধশতাধিক গ্রামবাসী গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-সায়দাবাদ গ্রামের ইসমাইল বেপারীর ছেলে আমির হোসেন (৭০), আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০) বাঘাইকান্দীর সাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৩৫) এবং একই এলাকার শাহীন মিয়ার ছেলে জুনাইদ (১৬)। এ ঘটনায় আহত বেশ কয়েক জনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর এবং নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন জানান, শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ও বালুচর এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল রাত থেকেই দু-পক্ষের মধ্যে টেঁটা ও গোলাগুলি বর্ষণসহ সংঘর্ষের ঘটনা চলতে থাকে। সকালে গোলাগুলির এক পর্যায়ে দুইপক্ষের চারজন নিহত হন। তাছাড়া গুরুতর আহত হন বেশ কয়েকজন। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে জানিয়েছে স্থানীয়রা।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন পলাশ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের সময় চারজন নিহত হয়েছেন। এসময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

সারাবাংলা/এনইউ
বিজ্ঞাপন

আরো