Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোনার দামে ফের রেকর্ড, ভরি এখন ১ লাখ ২৬ হাজার টাকা

সারাবাংলা ডেস্ক
২২ আগস্ট ২০২৪ ২১:৪৭

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দেশ। সেইসঙ্গে স্বাভাবিক হচ্ছে ব্যবসা-বাণিজ্য। সেই পরিপ্রেক্ষিতে মাত্র চার দিনের ব্যবধানে তিন বার সোনার দর সংশোধন করল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে দুই দিনের ব্যবধানে ফের সোনার দাম রেকর্ড ছাড়াল। বর্তমানে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনা কিনতে খরচ হবে ১ লাখ ২৬ হাজার ৬ টাকা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর সংশোধনের ঘোষণা দেওয়া হয়। শুক্রবার (২৩ আগস্ট) থেকে সোনার নতুন এই দাম কার্যকর হবে।

আজ বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২৩ আগস্ট থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ২৬ হাজার ৬ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার ২৭৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৩ হাজার ৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ৮৫ হাজার ২৪১ টাকা।

তবে এদিন রুপার দাম বাড়ানো বা কমানোর কোনো ঘোষণা দেয়নি বাজুস। আগের ঘোষণায় ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকাই রয়েছে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০ আগস্ট সোনার দাম সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো