যশোর: যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষসহ চার শিক্ষকের পদত্যাগের জন্য শিক্ষার্থীরা সাদা কাগজে স্বাক্ষর নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২২আগস্ট) দুপুর ১২টার দিকে আন্দোলনের মুখে ওই চার শিক্ষক পদত্যাগের জন্য সাদা কাগজে স্বাক্ষর করেন।
তারা হলেন- অধ্যক্ষ জি.এম আজিজুর রহমান, চিপ ইন্সট্রাকটর (ননটেক) শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, হোস্টেল সুপার বাবলু রহমান।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, আজিজুর রহমান অধ্যক্ষ থাকাকালে সিন্ডিকেট তৈরি করে গত ছয় বছর ধরে লাগামহীন দুর্নীতি করে আসছেন। পরিপত্রের নির্দেশনা লঙ্ঘন করে শিক্ষার্থীদের থেকে অধিক অর্থ আদায় করে লুটপাট করেছেন। শিক্ষার্থীদের কাছ থেকে ম্যাগাজিনের বিল নিয়ে গত ছয় বছরে একটিও ম্যাগাজিন প্রকাশ না করে সেই অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের জন্য তারা অধ্যক্ষসহ তার সিন্ডিকেটের সব সদস্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন।
শিক্ষার্থীদের এই আন্দোলনের মুখে অধ্যক্ষসহ অপর তিন শিক্ষক পদত্যাগের জন্য সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ জি.এম আজিজুর রহমান জানান, শিক্ষার্থীরা তার পদত্যাগের জন্য আন্দোলন করেছে। পরে পদত্যাগের জন্য তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নিয়েছে।