Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রেলগেটের কারণে সৃষ্ট যানজট নিরসনের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৬:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: নওগাঁর রাণীনগরে রেলগেটের কারণে সৃষ্ট যানজট নিরসনের লক্ষ্যে আন্ডারপাস কিংবা ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার রেলগেটে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন রাণীনগর প্রেসক্লাবের সভপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সম্পাদক মোসারব হোসেন, জামায়েতে ইসলামী বাংলাদেশ রাণীনগর শাখার আমীর ডা: আনজীর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা। মানববন্ধনে উপজেলার সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, রাণীনগর রেলগেট অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি স্থান। রেললাইনের পাশ দিয়ে বয়ে চলেছে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক। যে সড়ক দিয়ে উত্তরবঙ্গের কয়েকটি জেলার ভারী যানবাহন ঢাকাসহ অন্যান্য জেলার সঙ্গে চলাচল অব্যাহত রেখেছে। অপরদিকে নওগাঁ-রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ সড়কে যেতে হলেও এই রেলগেট পার হতে হয়। দুটি আঞ্চলিক সড়কের মিলনস্থল এই রেলগেট। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে চলাচলের জন্য দিন দিন ট্রেনের সংখ্যা বৃদ্ধি পেলেও রেলগেটের কোনো উন্নয়ন হয়নি। যার কারণে প্রতিদিনই ট্রেন চলাচলের সময় রেলগেট পড়ার পর দুই পাশে প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে এই অঞ্চলের হাজার হাজার মানুষকে। বছরের পর বছর কোনো সংস্কার না করা এবং বিকল্প কোনো সড়কের সৃষ্টি না করার কারণে এই রেলগেট বর্তমানে অত্র অঞ্চলের লাখ লাখ মানুষের গলার কাঁটায় পরিণত হয়েছে। এই বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বহুবার লেখালেখি করেও আজ পর্যন্ত কোনো দফতরের সুদৃষ্টি পড়েনি। এই সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার পথচারীদের প্রতিদিনই যানজট নামক মরণফাঁদে পড়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই দ্রুত এই রেলগেটের বিকল্প পথ হিসেবে আন্ডারপাস কিংবা ফ্লাইওভার নির্মাণ করার আশ্বাস না দিলে আগামীতে রেলপথ অবরোধ করাসহ কঠোর কর্মসূচি গ্রহণ করতে উপজেলাবাসী বাধ্য হবেন বলে মানববন্ধনে হুশিয়ার প্রদান করেন বক্তারা।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর