Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাদেশে বৃষ্টির প্রবণতা কমেছে, বাড়তে পারে তাপমাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৬ ১১:৩৯

ছবি: সারাবাংলা

ঢাকা: মৌসুমি বায়ুর প্রভাব কিছুটা কমে আসায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানায়, বৃষ্টিপাত কমে আসায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আজ রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৬টায় প্রকাশিত নদী অববাহিকার পূর্বাভাসে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। সংস্থাটি জানায়, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কতা নেই এবং কোনো সংকেতও উত্তোলন করতে হবে না।

বিজ্ঞাপন

আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত তথ্যে আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সারাদেশে বৃষ্টিপাতের দাপট কিছুটা কমলেও আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তিনি বলেন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে লক্ষ্মীপুরের রামগতিতে ৭৬ মিলিমিটার। এ ছাড়া আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১০ মিলিমিটার। তবে শেষ ৬ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ দুপুর পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাজধানীর সংশ্লিষ্ট এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া চিত্রের সার্বিক বিবরণ দিয়ে ওই কর্মকর্তা বলেন, গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। রাত ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সে সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।

মৌসুমি বায়ুর গতিপথ সম্পর্কে তিনি বলেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান, মধ্যপ্রদেশ, গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল, ওডিশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৯

আরো

সম্পর্কিত খবর