ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ওয়াকিটকি কেনার প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন সূত্র থেকে বিষয়টি জানা গেছে। এই অনুসন্ধান প্রক্রিয়া সঠিক ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দুদকের উপপরিচালক মো. আহসানুল কবির পলাশকে তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১৭ আগস্ট ওয়াকিটকি ক্রয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ পেয়ে ডিএনসিসি কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে দুদক। অভিযান পরিচালনাকারী দলটি সংস্থার প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করে।
পরবর্তীতে সংগৃহীত নথি ও তথ্য প্রাথমিক বিশ্লেষণ করে দেখা যায়, দরপত্রের স্পষ্ট শর্ত থাকা সত্ত্বেও পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা একটি দেশীয় প্রতিষ্ঠানকে ওয়াকিটকি সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি জালিয়াতির আশ্রয় নিয়ে একটি চীনা কোম্পানির সনদপত্র ব্যবহার করে কাজ হাতিয়ে নেয় বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
এছাড়া অন্যান্য সরকারি সংস্থার কেনা ওয়াকিটকির বাজারদরের সঙ্গে তুলনা করে দেখা গেছে, ডিএনসিসির কেনা এসব ডিভাইসের মূল্য কয়েক গুণ বেশি দেখানো হয়েছে। সার্বিক প্রকিউরমেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য-প্রমাণ ও রেকর্ডপত্র পর্যালোচনা শেষে এনফোর্সমেন্ট টিম কমিশনের কাছে প্রাথমিক প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই এখন পূর্ণাঙ্গ অনুসন্ধানে নামল স্বাধীন এই দুর্নীতিবিরোধী সংস্থাটি।
ডিএনসিসি’র ওয়াকিটকি কেনায় দুর্নীতির অভিযোগ: অনুসন্ধানে দুদক
সিনিয়র করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৩
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৩