Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার পক্ষে নয় বার অ্যাসোসিয়েশন’

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩২ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৭

ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার পক্ষে নয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘আদালতের স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের নির্দিষ্ট নীতিমালার আওতায় সংবাদ সংগ্রহের সুযোগ থাকা উচিত।’

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার খোকন বলেন, ‘দেশের প্রতিটি আদালতেই উন্মুক্ত বিচার (ওপেন ট্রায়াল) অনুষ্ঠিত হয়। প্রয়োজনীয় নিবন্ধন, পাস বা অনুমতি নিয়ে যে কেউ আদালতে প্রবেশ করতে পারেন। তাই আদালতের কার্যক্রমে সাংবাদিকদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার পক্ষে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কখনোই অবস্থান নেয়নি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কোনো আদালতকক্ষে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন না বা সংবাদ সংগ্রহ করতে পারবেন না, এমন অবস্থানের সঙ্গে আমরা একমত নই। ব্যক্তিগতভাবেও আমি এটি সমর্থন করি না।’

বার সভাপতি আরও বলেন, ‘বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিক এবং বিচারপ্রার্থীদের একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় আদালতে প্রবেশের সুযোগ দেওয়া উচিত। এতে আদালতে কী ঘটছে, সে বিষয়ে জনগণ ও বিচারপ্রার্থীরা অবগত থাকতে পারবেন।’

উল্লেখ্য, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের পর থেকে আপিল বিভাগের এজলাসে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর