ঢাকা: দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টা ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৪২ জন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯৪২ জনের মধ্যে বরিশাল বিভাগে ২১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩০১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৯ জন, খুলনা বিভাগে ২৬৪ জন, ময়মনসিংহ বিভাগে ১২০ জন, রাজশাহী বিভাগে ১৯৭ জন, রংপুর বিভাগে ৫৬ জন এবং সিলেট বিভাগের ৬ জন।
এদিকে চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩৯ জন মারা গেছেন। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৭৭ হাজার ৬৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৪২৫ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭২ হাজার ৮ জন।