গোপালগঞ্জ: জেলার মুকসুদপুরে মুরগীবোঝাই অটোভ্যান উলটে চালক আশরাফ আলী মুন্সি (৩৫) নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার জলিরপাড় ইউনিয়নের মুন্সি কলিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্যানচালক আশরাফ আলী মুন্সি মুকসুদপুর উপজেলার বড় ভাটরা গ্রামের ওহাব আলী মুন্সির ছেলে।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অটোভ্যান চালিয়ে যাওয়ার সময় মুন্সি কলিগ্রাম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক আশরাফ আলী মুন্সি নিহত হন।
ওসি আরো জানান, খবর পেয়ে সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।