Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩৬৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৬ ১৫:১৩ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬ ১৫:২৬

আটককৃতরা।

কুমিল্লা: কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সি বখাটেদের বিরুদ্ধে বড়ো ধরনের অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার ১৮টি থানায় একযোগে পরিচালিত এ অভিযানে আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর প্রধান ইমরান হোসেন ওরফে রতনসহ মোট ৩৬৩ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) মাগরিবের পর শুরু হওয়া এ অভিযান চলে গভীর রাত পর্যন্ত। অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরাও অংশ নেন। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংয়ের তৎপরতা, উঠতি বয়সি বখাটেদের উৎপাত এবং অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, এমন বিভিন্ন স্থান আগে থেকেই চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় নগরীসহ জেলার ১৮টি থানার আওতাধীন বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিদের প্রত্যেকের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘কুমিল্লা নগরীসহ জেলার যেসব এলাকায় কিশোর বয়সি বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব এলাকাকে অভিযানের আওতায় আনা হয়েছে। অভিযানে ৩৬৩ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘উঠতি বয়সি কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অভিযানে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।’

এ ছাড়াও জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং, বখাটেপনা ও সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর