ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৪টি মামলাও দায়ের করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
আকতার হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৫৩ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, তেজগাঁও বিভাগ ৮৯ জন, মিরপুর বিভাগ ৮২ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে।’
তিনি জানান, অভিযানকালে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪ পিস ইয়াবা, ১.৫ গ্রাম হেরোইন ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।