Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেসির বিদায়ের আগে আর্জেন্টিনার গোল উৎসব

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৬ ০৮:৫০ | আপডেট: ৪ অক্টোবর ২০২৬ ১২:৫২

লিওনেল মেসি নেই, কিন্তু আর্জেন্টিনার আক্রমণভাগ সেটা যেন বুঝতেই দিল না! মেসিকে ছাড়াও যে পথচলা সম্ভব সেটা দেখাল লিওনেল স্কালোনির দল। কদিন পর আর্জেন্টিনার হয়ে নিজের বিদায়ী ম্যাচ খেলতে নামবেন মেসি। তার আগে আজ বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।

শনিবার রাতে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। প্রথমার্ধেই পাঁচবার বল জালে পাঠায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। বিরতির পর আরও দুই গোল করে ব্যবধানটা নিয়ে যায় সাত-এ।

ম্যাচের চার মিনিটেই প্রথম গোল পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন লাউতারো মার্তিনেজ। কয়েক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হয় আত্মঘাতি গোলে। এরপর ১২ মিনিটে তৃতীয় গোল করেন জিয়ানলুকা প্রেস্তিয়ানি, ৩৫ মিনিটে নিকো পাস এবং ৩৬ মিনিটে স্কোর লাইন ৫-০ করেন হুলিয়ান আলভারেজ। পাঁচ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ফ্রাঙ্কো মাস্তানতুওনো গোল উৎসবে যোগ দেন। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে ব্যবধান ৭-০ করেন জুলিয়ানো সিমিওনে।

কদিন আগে বলিভিয়াকেও ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। অর্থাৎ মেসিকে ছাড়া দুই ম্যাচ খেলা আর্জেন্টিনা প্রতিপক্ষের জালে দিল ১১ গোল, বিপরীতে একটি গোলও হজম করেনি স্কালোনির দল।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর