সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পাপ্পু সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তেলিজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাপ্পু সরকার শেরপুর উপজেলার বাসিন্দা এনামুল সরকারের ছেলে। তিনি স্ত্রী-পরিবার নিয়ে রায়গঞ্জের তেলিজানা এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। গাছ পরিষ্কারের কাজ করেই জীবিকা নির্বাহ করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তেলিজানা এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের বাড়িতে একটি নারকেল গাছ পরিষ্কারের কাজ করছিলেন পাপ্পু। এ সময় গাছের কাছে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।