ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৪৯ শিশু।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৩৪৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৮১ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৬৮ শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ২ হাজার ৮৯৩ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ২১৬। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮০ হাজার ৭৯ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭২ হাজার ৭০৫ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১ হাজার ১৪৭ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ৪৩ জন এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।