রাজবাড়ী: জেলায় ৩ দিনব্যাপী নৌকাবাইচ ও গ্রামীণ মেলার ফাইনাল প্রতিযোগিতায় দুই নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জন রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যার পর রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকার কাছাকাছি পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফাইনাল প্রতিযোগিতায় পাবনা জেলার আমিনপুর থানার ‘নিউ শারীর ভিটা’ ও কুষ্টিয়ার ‘নিউ জনতা’ নামের দুটি নৌকা অংশ নেয়। বাইচ চলাকালে ‘নিউ শারীর ভিটা’ নৌকাটি এগিয়ে থাকলে ‘নিউ জনতা’ নৌকাটি সেটির ওপর তুলে দেয়। এতে ‘নিউ শারীর ভিটা’ নৌকাটি ডুবে যায় এবং এর মাঝি-মাল্লাসহ অনেকে নদীতে পড়ে যান। এ সময় ‘নিউ জনতা’ নৌকার লোকজন বৈঠা দিয়ে তাদের ওপর আঘাত করেন বলে অভিযোগ করেছেন আহতরা। ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৮০ জন ছিলেন বলে জানা গেছে। নৌ-পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে।
আহতদের কয়েকজন অভিযোগ করে বলেন, আমাদের নৌকা এগিয়ে ছিল। এ সময় অন্য নৌকাটি এসে আমাদের নৌকার ওপর তুলে দেয়। এতে আমাদের নৌকাটি ডুবে যায় এবং আমরা নদীতে পড়ে যাই। পরে ওই নৌকার লোকজন বৈঠা দিয়ে আমাদের ওপর আঘাত করেন।
রাজবাড়ী জেলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা বিবেচনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. তমাল বলেন, আমরা যাদের পেয়েছি, তাদের মধ্যে কাউকে আশঙ্কাজনক অবস্থায় পাইনি। আহতদের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। কারও হাতে, কারও মাথায়, আবার কারও শরীরে কাটা জখম রয়েছে। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হবে।
নৌকা বাইচ ও গ্রামীণ সংস্কৃতি উদযাপন পরিষদের সদস্য মো. গোলাম মোস্তফা বলেন, সারাক্ষণ ভালোভাবেই নৌকা বাইচ চলছিল। শেষ প্রতিযোগিতায় এসে দুটি নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আপাতত নৌকাবাইচ স্থগিত করা হয়েছে।