Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লিটনের সেঞ্চুরি, লিডের পাহাড় গড়ল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৬ ১৬:১৪

আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিপক্ষে লিডের পাহাড় গড়েছে বাংলাদেশ। লিটন দাসের সেঞ্চুরি পূর্ণ হওয়ার পর ৭ উইকেটে ৩৭২ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পেয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে আবুধাবি টেস্টে বাংলাদেশের লিড ৪৭৯।

এতো রান তাড়া করে জিততে হলে ইতিহাস গড়তে হবে আফগানিস্তানকে। টেস্টের এতো রান তাড়া করে জয়ের রেকর্ড গড়তে পারেনি কেউই। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

টেস্টের তৃতীয় দিন শেষেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিয়েছিল বাংলাদেশ। আজ মেহেদি হাসান মিরাজ ও লিটন দাসের ১৪৯ রানের জুটি আফগানদের সামনে লিডের পাহাড় নিশ্চিত করেছে। ১১৭ বল খেলে ১৪টি চারের সাহায্যে ১০২ রান করে আউট হয়েছেন লিটন। ৫৬ টেস্টের ক্যারিয়ারে লিটনের এটা সপ্তম টেস্ট সেঞ্চুরি। মেহেদি হাসান মিরাজ তখন অপরাজিত ছিলেন ৫২ রান করে। টেস্ট ক্যারিয়ারে মিরাজের এটা ১১তম হাফ সেঞ্চুরি।

বিজ্ঞাপন

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রান করার পর আফগানিস্তান গুটিয়ে যায় ২৪০ রানে। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ নেন ৫ উইকেট, যার মধ্যে ছিল দুর্দান্ত হ্যাটট্রিক। অপর পেসার এবাদত হোসেন তুলে নেন ৪ উইকেট। আফগান অধিনায়ক রহমত শাহ ১০৫ রানে অপরাজিত থাকলেও সতীর্থদের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা পাননি।

লিটন-মিরাজ ছাড়াও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে দারুণ ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তও। মুশফিকুর রহিম করেছেন ৮১ রান আর নাজমুল হোসেন শান্ত করেছেন ৮২ রান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর