ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে ধুঁকছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭ রানের গুরুত্বপূর্ণ লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে রীতিমতো ভেঙে পরেছে স্বাগতিকরা! দ্বিতীয় ইনিংসে দলীয় পঞ্চাশের আগেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৫৩ রান। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড এখন কেবল ৮০। হাতে আর মাত্র ৪ উইকেট।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে নামা বাংলাদেশ সেভাবে কখনো দাঁড়াতেই পারেনি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ তানজিদ হাসান তামিম, ফিরেছেন শূন্য রানে।
এরপর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় উইকেটে তোলেন ২৭ রান। সেটাই এখন পর্যন্ত বিশ পেরুনো বাংলাদেশের একমাত্র জুটি। মুমিনুল হক দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসে ফিল্ডিংয়ের সময় মাথায় বলের আঘাত পান মুমিনুল। ফলে ব্যাটিংয়ে আর নামতে পারেননি। তার বদলে জাকের আলী অনিক খেলছেন কনকাশন সাব হিসেবে।
জাকের এই মুহূর্তে ১১ রানে অপরাজিত। কিন্তু তাওহিদ হৃদয়, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ কেউই দুই অঙ্কের কোটা পেরুতে পারেননি। দলীয় ৫৩ রানের মাথায় ষষ্ঠ ব্যাটার হিসেবে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ।
এখন পর্যন্ত বাংলাদেশের পতন হওয়া ছয় উইকেটের পাঁচটিই নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা।
এর আগে নাঈম হাসানের স্পিন জাদুতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ২৪৫ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। একাই ৪ উইকেট নেন নাঈম হাসান। ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে আজ টেস্টের তৃতীয় দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ।