Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কারাগার থেকে মুক্তি পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৬ ১২:০৬ | আপডেট: ৩ নভেম্বর ২০২৬ ১৩:৩১

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত

ঢাকা: বিমানবন্দরে সরকারি কাজে বাধা, কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ঢাকা জেলা আমির দেলোয়ার হোসেন, ঢাকা দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন, এমপি, জয়নাল আবেদীন, এমপি, উত্তরের প্রচার- মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, আইজীবী রুকন রেজা প্রমুখ। নেতারা এ সময় মেজর (অব.) আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

এর আগে রোববার (১ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে। সোমবার (২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে হাইকোর্টের জামিন বহাল রাখেন। ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকেনি।

গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৪ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দুই দফা জামিন আবেদন নাকচ হলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

উল্লেখ্য, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি তাকে পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর