ঢাকা: রাজধানীতে গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে সংঘর্ষ ঘটানো, নাশকতাকারী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৩ জন গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক খুদে বার্তায় ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতাকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৩ জন সদস্যকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করেছে ডিএমপি।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করে আসছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। শনিবার, রোববার শ্রমিকেরা মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন। রোববার মিরপুর-১০ নম্বর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পালটাপালটি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। গতকাল সোমবারও মিরপুরের বিভিন্ন পয়েন্ট দিয়ে শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করেন। পুলিশ তাদের বাধা দেয়। আজ সোমবারও মিরপুর ১১ নম্বরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, পোশাক শ্রমিক ছদ্মবেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে। এমনকি, সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থল থেকে সংগঠনটির নেতাকর্মীদের গ্রেফতারও করা হয়েছে। গ্রেফতার হওয়া নেতাকর্মীরা বেশির ভাগই ঢাকার বাইরে থেকে আগত।