রাজবাড়ী: পিরোজপুরে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং তার প্রতি অসম্মানজনক আচরণের প্রতিবাদে রাজবাড়ীতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজবাড়ী জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা বাঁকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, অ্যাডভোকেট আব্দুল গফুরসহ অন্য মুক্তিযোদ্ধারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়া এবং তাঁর প্রতি অসম্মানজনক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু একজন মুক্তিযোদ্ধার প্রতি অসম্মান নয়, বরং দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতিও অবমাননা।
তারা আরও বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পরও যদি তাকে যথাযথ সম্মান দেওয়া না হয়, তাহলে তা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও সম্মান নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন শেষে কর্মসূচিতে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধারা রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।