Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ১২:২২

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

ঢাকা: বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে আর কখনোই রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত ‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের সাম্প্রতিক বোমা হামলা ও নাশকতার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার অপচেষ্টা করছেন, তারা এ দেশের মানুষকে এখনো চিনতে পারেননি। বোমা হামলার ঘটনায় এরই মধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, এসব নাশকতার পেছনে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত রয়েছে।

বিজ্ঞাপন

বর্তমান সরকারের গত নয় মাসের শাসনামলের চিত্র তুলে ধরে আসাদুজ্জামান বলেন, এই সময়ে সরকার কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের পথ ধরে হাঁটেনি। পাশাপাশি পুলিশ বাদী হয়ে নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের পুরোনো সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে। সরকারের এই ইতিবাচক পদক্ষেপগুলোর পাশাপাশি কোনো নেতিবাচক দিক থাকলে তাও নির্ভয়ে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।

সাংবাদিকতার মর্যাদা ও মানুষের আস্থার জায়গা অটুট রাখতে অপসাংবাদিকতা এবং হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সংবাদকর্মীদের সোচ্চার হওয়ার পরামর্শ দেন আইনমন্ত্রী। তিনি বলেন, সাংবাদিকদের সবসময় সত্যের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরতে হবে। এমনকি কোনো বস্তুনিষ্ঠ প্রতিবেদন তার নিজের বিরুদ্ধে গেলেও তা প্রকাশে কোনো আপত্তি নেই বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

বক্তব্যের এক পর্যায়ে ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সদস্যদের অভ্যন্তরীণ মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। পদ বা নেতৃত্ব না পাওয়ার কারণে সংগঠনের কর্মসূচি বর্জন করাকে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করে তিনি ঢাকায় কর্মরত সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলা ঝিনাইদহে আয়োজনের অনুরোধ জানান।

ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর