Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডায়াবেটিস প্রতিরোধে এখনই কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ২২:০১

প্রধানমন্ত্রী তারেক রহমান – সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: ডায়াবেটিস সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধি এবং সময়োপযোগী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এ রোগের ঝুঁকি ও মারাত্মক জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যথাযথ চিকিৎসা, সুশৃঙ্খল জীবনযাপন ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও একটি সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন।

আগামীকাল শনিবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিশ্বজুড়ে সচেতনতা তৈরির এই দিনে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

বিজ্ঞাপন

বাণীতে প্রধানমন্ত্রী বর্তমান সময়ের অন্যতম প্রধান এই স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী একটি প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করে তিনি জানান, এর ফলে হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি সঠিক সময়ে নিয়ন্ত্রণ না করলে এই রোগের নানা জটিলতা মানুষের জীবনহানির কারণও হয়ে দাঁড়াতে পারে।

রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উপায় প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা গ্রহণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমেই কেবল ডায়াবেটিস সফলভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তিনি পরামর্শ দিয়ে বলেন, যারা এখনো এই রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত এবং সুষম খাবার গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে এখন থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া দরকার।

জনস্বাস্থ্য খাতের অগ্রাধিকার তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সময়োপযোগী পদক্ষেপ ও সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা। সরকার সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর, যাতে সমাজের প্রতিটি মানুষ সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে।

একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠীকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বর্ণনা করে তিনি বলেন, সুস্বাস্থ্য কেবল একজন ব্যক্তির ব্যক্তিগত জীবনমানই উন্নত করে না, বরং এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে তোলে।

বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বর্ণাঢ্য ইতিহাস ও ভূমিকার কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগ ও প্রচেষ্টাতেই বিশ্ব ডায়াবেটিস দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করেছিল, যা পুরো জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়। গত দুই দশক ধরে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

সংগঠনটির প্রশংসা করে তারেক রহমান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনটি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা পরিচালনা এবং জনসচেতনতা সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদান রেখে আসছে। দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় ডায়াবেটিসের চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির নিরলস প্রচেষ্টা অত্যন্ত প্রশংসার দাবিদার। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে সমিতি তাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে। একই সঙ্গে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সব সদস্য, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত দেশবাসী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দিবসটির সব কর্মসূচির সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর