Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৭ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি: এমপি মিতু

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ২১:৫৭ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬ ২৩:৫২

ডা. মাহমুদা মিতু।

ঢাকা: গত ৭ দিন ধরে সরাসরি মোবাইল ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হত্যার হুমকি পাচ্ছেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু। একই সঙ্গে সম্প্রতি জাতীয় সংসদের অধিবেশনে ঘটে যাওয়া একটি অনভিপ্রেত ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে জুলাই আন্দোলনের সমন্বয়ক ও নেতাদের প্রতি অবমাননাকর আচরণের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে জাতীয় নারী শক্তির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু এসব কথা জানান।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ডা. মাহমুদা মিতু লেখেন, গত ৭ দিন ধরে তিনি সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন এবং এর আগেও তিনি এ ধরনের হুমকির সম্মুখীন হয়েছেন। তবে এসব বিষয় সামনে আনলেও অতীতের নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করে দেখার চেষ্টা করা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। হাদির একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, যতক্ষণ পর্যন্ত তাদের ঘাড়ে বা মাথায় গুলি না লাগবে, ততক্ষণ পর্যন্ত বিষয়টি কারও গায়ে লাগবে না।

গতকাল জাতীয় সংসদের অধিবেশনে নিজের আবেগপ্রবণ হয়ে পড়া এবং উত্তেজিত আচরণের কারণ ব্যাখ্যা করে এই সংসদ সদস্য লেখেন, গতকাল সংসদে তিনি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং একপর্যায়ে মেজাজও হারিয়েছিলেন। বর্তমান সংসদের ভিত্তি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শত শত শহীদের রক্ত, অসংখ্য আহতদের ত্যাগ, হান্নান মাসউদের মতো জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়েই আজকের এই সংসদ গঠিত হয়েছে। অথচ দুঃখজনকভাবে, তাদের সঙ্গে যুক্তিতে পেরে না উঠে সংসদের ভেতরেই তাদের ‘তুই-তুকারি’ করা হচ্ছে এবং ‘বেয়াদব’ বলে চরমভাবে অপমান করা হচ্ছে। কারও সঙ্গে কথায় না পারলেই তাকে ‘বেয়াদব’ আখ্যা দেওয়ার এই সংস্কৃতির কঠোর সমালোচনা করেন তিনি।

সংসদের ওই উত্তপ্ত পরিস্থিতির বর্ণনা দিয়ে মাহমুদা মিতু আরও লেখেন, সংসদে হান্নান মাসউদকে যখন বারবার ‘বস, বস’ এবং ‘বেয়াদব’ বলে সম্বোধন করা হচ্ছিল, তখন তিনি নিজেকে সংবরণ করতে না পেরে চিৎকার করে প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেন, হত্যার হুমকি এবং বাড়িতে অগ্নিসংযোগের মতো ভয়াবহ পরিস্থিতির শিকার কেবল তারাই হচ্ছেন।

যারা সব সময় সুবিধাবাদী অবস্থান বা আঁতাত করে রাজনীতিতে চলেন, তারা কখনোই বুঝতে পারবেন না যে নিজের বাবা-মা, সন্তান এবং ব্যক্তিগত নিরাপত্তা চরম অনিশ্চয়তার মুখে রেখে রাজপথে ও সংসদে রাজনীতি করতে বুকের ভেতর ঠিক কতটা সাহসের প্রয়োজন হয়।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর