Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্রেফতার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ২৩:১৬

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

চট্টগ্রাম: চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) গ্রেফতার হওয়া পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত দায়।

রোববার (১৫ নভেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার আগে সরকারের পূর্বানুমোদন নেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করা হয়। এরপরই এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। যিনি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হন, সেটি তার ব্যক্তিগত দায়। বাহিনী কখনোই তার দায় নেবে না।

বিজ্ঞাপন

হাসান মো. শওকত আলী বলেন, গ্রেফতার জাহাঙ্গীর আলম বর্তমানে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্তও করবে এই ইউনিট। নিয়ম অনুযায়ী তাকে আদালতে হাজির করা হবে।

মামলার অভিযোগ সম্পর্কে সিএমপি কমিশনার বলেন, রাষ্ট্রদ্রোহিতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে কেউ নিজেকে সম্পৃক্ত করলে তার বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত শনিবার রাতে আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন। পরে জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রাখা হয়। শনিবার রাতে নগরীর পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর