Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুরে হত্যা মামলায় সাবেক এমপি আশিকা সুলতানাকে গ্রেফতার দেখানো হলো

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৬ ১৫:২১

সাবেক এমপি আশিকা সুলতানা। ছবি: সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর মডেল থানায় করা একটি হত্যা মামলায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ নভেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে তাকে আদালতে হাজির করা হয়।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুদ্দোহা আশিকা সুলতানাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তে আরও জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর দমন-পীড়নে মামলার এজাহারভুক্ত আসামিদের সঙ্গে তিনি অংশ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

মামলার অভিযোগ ও পুলিশের আবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল ৫টার দিকে সরকারের পতনের আনন্দে বিজয় মিছিলে অংশ নেন তোফাজ্জল হোসেন খান। মিছিলটি মিরপুর ১০ নম্বর থেকে মিরপুর ২ নম্বরের দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে পুলিশ, বিজিবি ও র‍্যাবের সদস্যরা গুলি চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সময়ে পুলিশের নিরাপত্তায় ঘটনাস্থলে অবস্থানরত স্থানীয় ও মহানগর পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র নেতা-কর্মীরাও গুলি ছোড়েন বলে আবেদনে দাবি করা হয়।

আবেদনে আরও বলা হয়, মামলার এজাহারভুক্ত আসামি ইকবাল হোসেন তিতু, হায়দার আলী খান, এস এম হানিফ, এস এম জাহিদ, মইনুল হক নিখিল ও ইসমাইল মোল্লার নেতৃত্বে এবং সরাসরি অংশগ্রহণে অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা গুলি চালায়। এ সময় একটি গুলি তোফাজ্জল হোসেন খানের মাথার পেছনে লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য মিরপুর ৬ নম্বরে অবস্থিত ডা. আজমল হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যা মামলা করা হয়।

এর আগে গত ২৫ জুন রাজধানীর মিরপুর এলাকা থেকে আশিকা সুলতানাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর