Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১০ ডিসেম্বরের আগেই দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৬ ১৫:০৫ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ ১৫:০৭

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জাতীয় নির্বাচনের আদলে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই সব দলের সঙ্গে এই সংলাপ শেষ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
‎
‎সোমবার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

তিনি জানান, চলতি মাসের শেষ ভাগে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিন ধরে এই সংলাপ অনুষ্ঠিত হবে। নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে আরও সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে সংলাপে দলগুলোর মতামত ও সার্বিক সহযোগিতা চাওয়া হবে।
‎
‎এদিকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাপানোর কাজে সাময়িক সফটওয়্যার জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে সমস্যা হচ্ছে। বিষয়টি শনাক্ত করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তবে এতে সাধারণ এনআইডি সেবা বন্ধ নেই। কারও এনআইডি সংশোধনের আবেদন অনুমোদিত হলে তিনি কমিশনের ওয়েবসাইট থেকে নিজেই তা প্রিন্ট ও লেমিনেট করে ব্যবহার করতে পারবেন। শুধু স্মার্ট কার্ড ছাপানোর কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে।
‎
‎স্মার্ট কার্ড মুদ্রণের দীর্ঘদিনের প্রশাসনিক ও চুক্তিগত জটিলতার কথা উল্লেখ করে তিনি আরও জানান, ২০১৭ সালের ১ জুলাই থেকে এ সংক্রান্ত সমস্যা শুরু হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা আর নবায়ন করা হয়নি। এর মধ্যে একটি অডিট আপত্তিও অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। কমিশনার সানাউল্লাহ বলেন, অমীমাংসিত অডিট আপত্তি ও চুক্তিসংক্রান্ত জটিলতা কীভাবে সমাধান করে কার্যক্রম চালিয়ে নেওয়া যায়, তা নিয়ে কমিশন বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় সেবা হওয়ায় কোনোভাবেই বন্ধ রাখা যাবে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর