ঢাকা : জাতীয় সংসদের চলতি অধিবেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া কোনো নোটিশই আলোচনার জন্য গ্রহণ বা এনডোর্স না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই ক্ষোভ জানান। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে কথা বলার সুযোগ নিশ্চিত না হলে সেখানে বসে থাকার কোনো অর্থ হয় না।
অধিবেশনে স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকারের উদ্দেশে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান পূর্বের সমঝোতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ডেপুটি স্পিকারের উপস্থিতিতেই আলাপ-আলোচনার মাধ্যমে নির্দিষ্ট একটি তারিখ নির্ধারণ করা হয়েছিল। চলতি অধিবেশন আর মাত্র দুদিন চলবে উল্লেখ করে তিনি জানতে চান, এই স্বল্প সময়ের মধ্যে তাঁদের দেওয়া নোটিশটি আবার আলোচনায় আসবে কি না এবং তা নিয়ে আলোচনার কোনো সুযোগ রয়েছে কি না। তিনি স্পষ্ট বলেন, যদি ইতিবাচক উত্তর পাওয়া যায়, তবে তাঁর আর বাড়তি কোনো বক্তব্যের প্রয়োজন নেই।
জামায়াত আমিরের বক্তব্যের জবাবে ডেপুটি স্পিকার বিষয়টির সত্যতা স্বীকার করেন। তিনি জানান, গত বুধবার এ নিয়ে আলোচনা হয়েছিল এবং সরকারি দলের চিফ হুইপ ও বিরোধী দলের আলোচনার পরিপ্রেক্ষিতে রোববার দিনটি নির্ধারণ করা হয়েছিল। তবে রোববার স্পিকার মহোদয় বিষয়টি স্থগিত ঘোষণা করায় এ নিয়ে স্পিকারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সময়ে কিছু জানানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি সোমবারের কার্যতালিকায় বিষয়টি অন্তর্ভুক্ত না থাকায় সেদিন সুনির্দিষ্টভাবে তা নিয়ে আলোচনার সুযোগ নেই বলেও জানান ডেপুটি স্পিকার।
ডেপুটি স্পিকারের এই বক্তব্যের পর পুনরায় ফ্লোর নিয়ে বিরোধীদলীয় নেতা বিষয়টির জাতীয় গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এটি কোনো নির্দিষ্ট দলের বিষয় নয়, বরং পুরো জাতির এবং দেশের শিল্প বাঁচানোর প্রশ্ন। এ ক্ষেত্রে সরকারি ও বিরোধী উভয় দলেরই সামগ্রিক দায়বদ্ধতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের দায়বদ্ধতা অবশ্যই বেশি, তবে বিরোধী দল হিসেবে তাঁরাও দায়মুক্ত নন। তাই জাতীয় স্বার্থে কোনো অবস্থাতেই চলতি অধিবেশন থেকে এই আলোচনা বাদ দেওয়া উচিত নয় এবং মঙ্গলবারের আলোচ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে ডা. শফিকুর রহমান চরম হতাশা ব্যক্ত করে বলেন, চলতি অধিবেশনে তাঁদের দেওয়া অনেকগুলো নোটিশের মধ্যে এখন পর্যন্ত একটিও এনডোর্স করা হয়নি। কথা বলার সুযোগ না পেলে তাঁরা সংসদে কেন বসে আছেন এমন প্রশ্ন রেখে তিনি বলেন, জাতীয় স্বার্থে কথা বলার জন্যই তাঁরা সংসদে এসেছেন এবং এই সুযোগ থেকে কোনো অবস্থাতেই বঞ্চিত হতে চান না। অধিবেশনের শেষ দিন কীভাবে শেষ হয় তা সবারই জানা এবং সেদিন আলোচনার কোনো সুযোগ থাকে না উল্লেখ করে তিনি ডেপুটি স্পিকারের মাধ্যমে স্পিকারের প্রতি অনুরোধ জানান, যেকোনো মূল্যে মঙ্গলবার যেন এই আলোচনার সুযোগ নিশ্চিত করা হয়।