জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য হতাশার। রায়ান রিকেলটন ও টেম্বা বাভুমা রান তুলছিলেন সহজেই। এর মধ্যে রিকেলটনের ক্যাচ ছাড়েন অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন, পরে দুর্দান্ত ফর্মে থাকা পেসার হাসান মাহমুদ মাঠ ছাড়েন ইনজুরি নিয়ে। বাংলাদেশের এসব হতাশার মধ্যে অপর দিকে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমাও ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। তারপর তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।
আজ তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেটে ৩৮৬। একটা সময় এই স্কোর ছিল ৪ উইকেটে ৩৫৮। অর্থাৎ দিনের প্রথম সেশনে শেষ ২৮ রানের বিনিময়ে তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা এখনো ১৪ রানে পিছিয়ে। স্বাগতিকদের হাতে আছে তিন উইকেট। চোট নিয়ে মাঠের বাহিরে যাওয়া টেম্বা বাভুমা আবারও ব্যাটিংয়ে ফিরতে পারবেন কিনা সেটা বড় প্রশ্ন। লাঞ্চের আগে রিকেলটন অপরাজিত ৫৬ রানে।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন। ফলে স্বাগতিকদের দ্রুত গুটিয়ে দিয়ে চ্যালেঞ্জিং একটা লিড দাঁড় করার দিকেই নিশ্চয় মনোযোগ দিবে বাংলাদেশ।
সকালে দিনের খেলা যখন শুরু হলো টেম্বা বাভুমা অপরাজিত ছিলেন ১৯ রানে, আর রিকেলটন ৭ রানে। দিনের শুরুতে দুজনের বিপক্ষে সুবিধা করতে পারেনি বাংলাদেশের বোলিং আক্রমণ। এর মধ্যে মেহেদি হাসান মিরাজ অবশ্য একটা ভালো সুযোগ এনে দিয়েছিলেন। ব্যক্তিগত ৩০ রানের মাথায় মিরাজের বলে ক্যাচ তুলেছিলেন রিকেলটন। কিন্তু নিতে পারেননি অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন। রিকেলটন আর ভুল করেননি। বাভুমাও ব্যাটিং করে গেছেন নিখুঁত।
তার চেয়েও বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় হাসান মাহমুদের চোট। ডানহাতের এলবোর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন দুর্দান্ত ফর্মে থাকা হাসান। হাসান মাঠ ছাড়ার পরও আজ এক ওভারের জন্যও তৃতীয় পেসার ইবাদত হোসেনকে বোলিং করতে ডাকেননি বাংলাদেশ অধিনায়ক। এর মধ্যে নিজের ৪৯ রানের মাথায় চোট নিয়ে মাঠ ছাড়েন টেম্বা বাভুমা। তাতেই বুঝি বাংলাদেশ একটু সুযোগ পেল!
বাভুমার জায়গায় ব্যাটিং করতে নামা অলরাউন্ডার ভিয়ান মুন্ডারকে লিটন দাসের ক্যাচ বানান তাসকিন আহমেদ। পরের ওভারে মার্কাস ইয়ানসনকেও ফেরান তাসকিন। বাংলাদেশি পেসারকে খোঁচা মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ইয়ানসন। চিকিৎসা নিয়ে মাঠে ফেরা হাসান মাহমুদ সেশনের শেষভাগে ফিরিয়েছেন সাইমন হার্মারকে। হার্মারের ক্যাচও নিয়েছেন লিটন।
লিটন এখন পর্যন্ত এই ইনিংসে ছয়টি ক্যাচ নিলেন। তার আগে ব্যাট হাতে সেঞ্চুরিও করেছেন। এখন পর্যন্ত হাসানের সংগ্রহ ৪ উইকেট। তাসকিনের ২টি, অপরটি মুমিনুল হকের।
লিটন দাস আর তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে তুলেছিল ঠিক ৪০০ রান।