Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দর্শনায় ট্যাঙ্কার ট্রেনে সশস্ত্র হামলা, জখম ২ চালক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৫:৩৮

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা জংশনের অদূরে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্যাঙ্কারবাহী ট্রেনে সশস্ত্র হামলা চালিয়ে দুই চালককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রেনের লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন গুরুতর আহত হয়েছেন।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা একটি খালি বিটিও (BTO) ট্যাঙ্কারবাহী ট্রেন ক্রসিংয়ের জন্য দর্শনা জংশনের অদূরে দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা চালক ও সহকারী চালককে জিম্মি করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাদের মুঠোফোন, নগদ টাকা ও কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

হামলার পর আহত অবস্থায়ই চালকেরা ট্রেনটি চালিয়ে পার্শ্ববর্তী উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে যান। সেখানে স্থানীয় লোকজনের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উথলী রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত জানান, ঘটনার পর থেকে খালি ট্যাঙ্কারবাহী ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে অবস্থান করছে। আহত চালকেরা ট্রেন চালানোর অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে।

এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তাকর্মী ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।