Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘ফরাসি সপ্তাহ’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৫:২৫

ঢাকা: ফ্রান্সের বিখ্যাত লেখক, বুদ্ধিজীবী ও দেশটির প্রথম সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আঁদ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে ঢাকায় সপ্তাহব্যাপী ফরাসি সপ্তাহ (সেমেইন ফ্রঁসেজ) আয়োজন করতে যাচ্ছে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস। আগামী ২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এ আয়োজনের ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।

ফ্রান্সের রাষ্ট্রদূতের বাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী তার অবদান স্মরণ এবং স্বাধীনতা, সংহতি ও মানবিক মর্যাদার মতো অভিন্ন মূল্যবোধ উদ্‌যাপনের একটি সুযোগ।’

বিজ্ঞাপন

ফরাসি সপ্তাহে দেশটির সংস্কৃতি, শিল্পকলা, চলচ্চিত্র, সংগীত, ইতিহাস ও খাদ্যসংস্কৃতি তুলে ধরা হবে। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে আন্দ্রে মালরোর অবদান বিশেষভাবে স্মরণ করা হবে।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে সোচ্চার সমর্থন জানিয়েছিলেন আঁদ্রে মালরো। বাংলাদেশের মানুষের প্রতি তার সংহতি দুই দেশের সম্পর্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে।

আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে স্থাপন করা হবে ‘আন্দ্রে মালরো মেমোরি ওয়াল’। এর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার সমর্থন ও অবদান স্মরণ করা হবে। এ ছাড়া ঢাকায় আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আন্দ্রে মালরো গার্ডেন ও তার স্মৃতিসৌধের সামনে একটি স্মরণানুষ্ঠানের আয়োজন করবে।

ফরাসি সপ্তাহে শিল্পী ক্লাবের সহযোগিতায় একটি অপেরা পরিবেশনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা আয়োজন করবে দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব। এতে বিভিন্ন আলোকচিত্রী জনজীবনের দৈনন্দিন মুহূর্ত ও নাগরিক জীবনের নানা চিত্র তাদের ক্যামেরায় তুলে ধরবেন।

এ ছাড়া ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভিনসেন্ট মুন চলচ্চিত্রবিষয়ক একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন।

ফরাসি খাবারের স্বাদ ও ঐতিহ্য তুলে ধরতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজন করা হবে ফরাসি খাবার উৎসব। ফরাসি শেফ প্যাট্রিক কানে এ উৎসবের খাবার প্রস্তুত করবেন। পাশাপাশি হোটেল ব্যবস্থাপনা ও পর্যটনবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন তিনি।

আয়োজকরা আশা করেছেন, সপ্তাহব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে ফরাসি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।

সারাবাংলা/একে/এমএম