বরিশাল: বরিশালে আদালতের শেখ ফারহান নাদীম নামে এক বিচারক নিখোঁজ হয়েছেন। ওই বিচারক বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত। মঙ্গলবার (১৭ নভেম্বর) অফিস শেষে তিনি আর বাসায় ফেরেননি। বুধবারও আদালতেও অনুপস্থিত ছিলেন তিনি।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শেখ ফারহান নাদীম মঙ্গলবার অফিস করেছেন। এরপর আর বাসায় ফেরেননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী তার খোঁজখবর নেওয়া হচ্ছে।’
পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোডের ফাতেমা সেন্টার এলাকায় বিচারক শেখ ফারহান নাদীমের উপস্থিতির তথ্য পাওয়া যায়। এরপর থেকে তার ব্যক্তিগত মোবাইলফোন বন্ধ রয়েছে। বিকেল ৫টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় মাস্ক পরা অবস্থায় তাকে রিকশায় যেতে দেখা গেছে বলেও সূত্রটি জানিয়েছে।
আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুর মোরশেদ বলেন, ‘মঙ্গলবার বিকেল থেকে বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ রয়েছেন বলে তিনি শুনেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, ‘এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালাচ্ছে।’