Saturday 21 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় পুলিশ পরিচয়ে প্রাইভেটকার থামিয়ে ছিনতাই, চালককে মারধর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৬ ১৫:০৩

কুমারখালী থানা, কুষ্টিয়া। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে প্রাইভেটকার থামিয়ে চালককে মারধর করে ৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এ সময় চালকের মোবাইলফোনও ভাঙচুর করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের গড়ের মাঠের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চালক মো. ইমদাদুল হক ইভন (২৬) বুজরুক দুর্গাপুর গ্রামের এমরান হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ইভন প্রাইভেটকার নিয়ে উপজেলার সেনগ্রাম যাওয়ার পথে গড়ের মাঠ ব্রিজ এলাকায় পৌঁছালে কালো রঙের পালসার মোটরসাইকেলে থাকা পাঁচ ব্যক্তি তার গাড়ির গতিরোধ করেন। এ সময় তারা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পুলিশ বলে পরিচয় দেন। পরে ইভনকে তারা গাড়ি থেকে নামিয়ে কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে তার পকেটে ও গাড়িতে থাকা মোট ৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন। এ সময় তার মোবাইলফোনটিও ভেঙে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগী চালক কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, গড়ের মাঠ এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর