নোয়াখালী: জেলার বেগমগঞ্জের চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার রাতে ব্যাংকের এরিয়া ম্যানেজার পিংকু চাকমার করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ‘রোববার আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’
গ্রেফতার ব্যাক্তিরা হলেন— সিফাত (১৮), মারুফ (২১) ও মহিন উদ্দিন বাদশা (৩৬)। এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
পরিদর্শন্ত (তদন্ত) মাহাবুল কবির জানান, শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে চৌমুহনী পূর্ব বাজারের নাপিতের পোল এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের শাখার সামনে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় এবং দুটি জানালার কাচ ভাঙচুর করা হয়। প্রায় পাঁচ মিনিট পর হামলাকারীরা চলে গেলে ব্যাংকের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তিনি আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’