Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বর্ণাঢ্য আয়োজনে ৪৮তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালন

ইবি করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ১৬:১৯

ইবি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৮তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রোববার (২২ নভেম্বর) পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিন বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ এবং হল থেকে পৃথক পৃথক র‍্যালি নিয়ে কেন্দ্রীয় ফুটবল মাঠে এসে সমবেত হয়। শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়, পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের প্রতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন ওড়ানো হয়। পরে সেখানে আলোচনা সভা হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলীর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এতে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে মিলিত হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ৪৮ পাউন্ডের একটি কেক কাটা হয়। পরে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মোনাজাত হয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় দিবস নিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা করছি এবং আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারব বলে বিশ্বাস করি। আর এটাই হোক আমাদের আগামীর প্রতিজ্ঞা।’