ঢাকা: অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়নে শুধু আর্থিক রেমিট্যান্স নয়, তাদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জন কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশিরা যেন জন্মভূমিতে ফিরে এসে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, সে পরিবেশ তৈরি করতে চান তারা।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা শুধু আর্থিক রেমিট্যান্স নয়, প্রবাসীদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। আমরা ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সের (মেধাভিত্তিক অবদান) পক্ষে কথা বলতে এসেছি। আল্লাহ আমাদের সুযোগ দিলে তাঁদের সঙ্গে অতিথির মতো নয়, ভাই, সন্তান ও পিতার মতো আচরণ করব।’
রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: ভয়েসেস ফ্রম অস্ট্রেলিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। এ সময় ফুল দিয়ে বরণ করে তাকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য দেন পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল। সঞ্চালনা করেন একাডেমিক ও গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির নির্বাহী পরিচালক শিবলী সোহাইল। এ ছাড়া সঞ্চালনায় ছিলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু ইউসুফ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল।
প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে জামায়াতের আমির বলেন, জুলাই অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা কখনো ভুলে যাওয়ার নয়। দেশের গণমাধ্যম যখন নির্যাতন-নিপীড়নের চিত্র যথাযথভাবে তুলে ধরতে পারেনি, তখন প্রবাসে থাকা ভাই-বোনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সেই চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন দেশে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও তাঁরা বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমেছেন। এ কারণে অনেকে গ্রেপ্তার হয়েছেন, কারাভোগ করেছেন এবং শাস্তির মুখোমুখি হয়েছেন।
তিনি বলেন, এখনো ৫৪ জন প্রবাসী কারাগারে রয়েছেন, যা তাদের জন্য অত্যন্ত কষ্টের ও লজ্জার বিষয়।
প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসীরা। অথচ দেশে ফিরলে বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যাঁদের রেমিট্যান্স যোদ্ধা বলা হয়, তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে অতীতেও তাঁরা সোচ্চার ছিলেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলে তাঁরা এর প্রতিবাদ জানাবেন।
জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের যোদ্ধারা এখনো জীবিত আছেন। তাঁদের অনেকের হাত-পা নেই, কেউ চোখ হারিয়েছেন; কিন্তু মনোবল হারাননি। আহত যোদ্ধাদের কাছে তিনি জানতে চেয়েছিলেন, জাতির প্রয়োজনে আবারও লড়াই করতে পারবেন কি না। জবাবে তাঁরা বলেছেন, একটি পা হারিয়েছেন, অন্য পা তো আছে; ক্রাচে ভর করেও দেশের জন্য লড়াই করবেন। যাঁদের চোখ নেই, তাঁরাও অন্যের হাত ধরে দেশের প্রয়োজনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন।
তিনি আরও বলেন, একজন মা ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে নেমেছিলেন। তাঁর বক্তব্য ছিল, বাংলাদেশের রাজপথে যত শিশু নেমে এসেছে, সবাইকে নিজের সন্তান মনে করেই তিনি আন্দোলনে এসেছেন। এসব মা ও যোদ্ধাই তাঁদের শক্তি। জাতির প্রয়োজনে তাঁরা আবারও জেগে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, বৈষম্যহীন, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল এ আন্দোলনের মূল লক্ষ্য। জুলাইয়ের স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। এই আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে আসা মা, পানি বিতরণ করতে গিয়ে শহীদ হওয়া মুগ্ধ, বুক পেতে গুলি গ্রহণ করা আবু সাঈদসহ অসংখ্য ছাত্র-জনতা এই অভ্যুত্থানের প্রকৃত নায়ক। শহীদরা কোনো নির্দিষ্ট দলের সম্পদ নন, তারা গোটা জাতির সম্পদ।
জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদেও তারা কথা বলেছেন। জনগণের রায় উপেক্ষা করে বাংলাদেশে রাজনীতি চলতে পারে না। জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। এ বিষয়ে তাঁদের অবস্থান স্পষ্ট। কোনো চাপ বা প্রলোভনে তাঁরা আদর্শ ও অঙ্গীকার থেকে সরে আসবেন না।
তরুণ প্রজন্মের নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তারা বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দিতে চান। বাংলাদেশের নামের এয়ারক্রাফটের ককপিটে তরুণরা বসবেন, আর তারা বসবেন প্যাসেঞ্জার সিটে। তরুণদের সহযোগিতা করবেন তাঁরা। তাঁদের এবারের প্রার্থী তালিকার ৬২ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে উল্লেখ করে তিনি বলেন, তরুণদের নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে।
দেশের উন্নয়নে নারী-পুরুষের সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে নারীদের সাহসী ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অগ্রযাত্রায় নারী ও পুরুষ সবাইকে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
সরকার ও বিরোধী দলের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থে সরকারের ভালো কাজের সমর্থন দেওয়া প্রয়োজন হলে তাঁরা সমর্থন দেবেন। আর যেখানে ভুল হবে, সেখানে প্রতিবাদ করবেন। বিরোধী দলের দায়িত্ব হলো জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলা।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের রায়কে সম্মান করতে হবে। যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনা করতে হবে এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। দেশের বর্তমান সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, কোনো দল বা ব্যক্তি তাদের শত্রু নয়। কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সেই অপকর্মই তাঁদের প্রতিপক্ষ। তাঁরা একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ চান। বাংলাদেশ একদিন বদলাবে এবং সেই পরিবর্তনের সারথি হবে এ দেশের জনগণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।