Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

তুরস্ক থেকে ফিরে মো. মহসিন হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ১৫:৩০

তুরস্কের ইস্তাম্বুল-ইজমির মহাসড়ক। ছবি: ইন্টারনেট

তুরস্ক: একটি দেশের উন্নয়ন দেখতে হলে শুধু তার রাজধানী কিংবা বড় শহরগুলো ঘুরে দেখলেই হয় না। শহর থেকে শহরে যাওয়ার পথ, মহাসড়কের অবস্থা, সড়ক নির্মাণের কৌশল এবং যাত্রীদের যাতায়াতের স্বাচ্ছন্দ্যও সেই দেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরে। তুরস্ক ভ্রমণে দীর্ঘ সড়কপথ পাড়ি দিতে গিয়ে দেশটির আন্তঃনগর যোগাযোগব্যবস্থা দেখে এমনই এক অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে মহাসড়কের নির্মাণশৈলী, প্রশস্ততা, পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ এবং আধুনিক টোল ব্যবস্থাপনা সত্যিই মুগ্ধ করার মতো।

ইস্তাম্বুল থেকে প্রায় ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আনতালিয়া, আনতালিয়া থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরের রাজধানী আঙ্কারা, আঙ্কারা থেকে ৪৫০ কিলোমিটার দূরের বুরসা এবং বুরসা থেকে প্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবার ইস্তাম্বুল। কয়েক হাজার কিলোমিটারের এই ভ্রমণে তুরস্কের বিভিন্ন অঞ্চলের সড়ক ও মহাসড়ক দেখার সুযোগ হয়েছে। দীর্ঘ এই যাত্রায় চোখে পড়েছে দেশটির পরিকল্পিত সড়ক অবকাঠামো এবং প্রকৌশলগত দক্ষতার নানা নিদর্শন।

বিজ্ঞাপন

৬৮ হাজার কিলোমিটারের সড়ক নেটওয়ার্ক

তুরস্কের সড়ক যোগাযোগের ব্যাপ্তি বেশ বড়। দেশটির মহাসড়ক অধিদফতরের ২০২৬ সালের ১ জানুয়ারির পরিসংখ্যান অনুযায়ী, সংস্থাটির আওতাধীন মোট সড়ক নেটওয়ার্কের দৈর্ঘ্য ৬৮ হাজার ৫১৭ কিলোমিটার। এর মধ্যে ৩ হাজার ৭৯৬ কিলোমিটার এক্সপ্রেসওয়ে বা টোল মহাসড়ক, ৩০ হাজার ৭৮৯ কিলোমিটার জাতীয় সড়ক এবং ৩৩ হাজার ৯৩২ কিলোমিটার প্রাদেশিক সড়ক। এর বাইরে পৌরসভা, গ্রাম ও বনাঞ্চলের সড়কও রয়েছে। সরকারি হিসাবে দেশটির বিভক্ত সড়কের দৈর্ঘ্য প্রায় ২৮ হাজার ২৯৭ কিলোমিটার। অর্থাৎ বিপুলসংখ্যক সড়কে বিপরীতমুখী যান চলাচলের জন্য আলাদা ক্যারেজওয়ে রয়েছে।

তবে সব সড়ক ছয় বা আট লেনের নয়। সড়কের গুরুত্ব, যানবাহনের চাপ ও অবস্থান অনুযায়ী লেনের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। বড় শহরগুলোর সংযোগকারী এবং গুরুত্বপূর্ণ মহাসড়কের কোনো কোনো অংশে ছয়, আট কিংবা তারও বেশি লেনের প্রশস্ত সড়ক দেখা যায়।

পাহাড়ের বুক চিরে সড়ক নির্মাণের অসাধারণ কৌশল

তুরস্কের সড়ক যোগাযোগের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি হলো পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণের কৌশল। দেশটির ভৌগোলিক বৈচিত্র্যের কারণে অনেক জায়গায় পাহাড়, উঁচু-নিচু ভূমি ও দুর্গম প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে সড়ক নির্মাণ করতে হয়েছে।

সড়কপথে চলতে চলতে কখনো দেখা যায়, রাস্তা পাহাড়ের বুক বেয়ে অনেক ওপরে উঠে গেছে। কিছু দূর যাওয়ার পর আবার সেটি নেমে এসেছে নিচু উপত্যকায়। কোথাও পাহাড় কেটে তৈরি করা হয়েছে প্রশস্ত সড়ক, কোথাও পাহাড়ের ভেতর দিয়ে নির্মিত হয়েছে দীর্ঘ সুড়ঙ্গ। আবার কোথাও গভীর উপত্যকা কিংবা পাহাড়ি প্রতিবন্ধকতা অতিক্রম করতে নির্মাণ করা হয়েছে সুউচ্চ সেতু ও ভায়াডাক্ট।

এ ধরনের নির্মাণকাজ শুধু প্রকৌশলগত দক্ষতার বিষয় নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে ভূতাত্ত্বিক জরিপ, ভূমিধসের ঝুঁকি নিরূপণ, পানি নিষ্কাশন এবং পরিবেশগত বিবেচনা। তুরস্কের মহাসড়ক অধিদফতরও দুর্গম ভৌগোলিক পরিস্থিতি মোকাবিলায় টানেল, ভায়াডাক্ট ও সেতুভিত্তিক অবকাঠামো নির্মাণের কথা উল্লেখ করেছে।.

তুরস্কের মহাসড়কে নেই চোখে পড়ার মতো খানাখন্দ। ছবি: সারাবাংলা

তুরস্কের মহাসড়কে নেই চোখে পড়ার মতো খানাখন্দ। ছবি: সারাবাংলা

মহাসড়কে নেই চোখে পড়ার মতো খানাখন্দ

দীর্ঘ সড়কযাত্রায় সবচেয়ে বেশি যে বিষয়টি মুগ্ধ করেছে, তা হলো রাস্তার মসৃণতা। ইস্তাম্বুল থেকে আনতালিয়া, সেখান থেকে আঙ্কারা ও বুরসা হয়ে আবার ইস্তাম্বুলে ফেরার পথে দেখা মহাসড়কগুলোতে কোথাও চোখে পড়েনি উল্লেখযোগ্য খানাখন্দ কিংবা ভাঙাচোরা অংশ। দীর্ঘ পথজুড়েই সড়কের পিচঢালা পৃষ্ঠ ছিল মসৃণ ও চলাচলের উপযোগী।

কোথাও নির্মাণাধীন সেতুর কারণে দীর্ঘ যানজট, কোথাও রাস্তার মাঝখানে খোঁড়াখুঁড়ি কিংবা সংস্কারকাজের কারণে চলাচলে বড় ধরনের বিঘ্ন চোখে পড়েনি। অবশ্য সব সড়কে সবসময় এমন পরিস্থিতি থাকে- এমন দাবি করার সুযোগ নেই। পথগুলোতে সড়কের রক্ষণাবেক্ষণ ও চলাচলের মান ছিল প্রশংসনীয়।

সড়কের প্রশস্ততা, লেন বিভাজন, দিকনির্দেশক সাইনবোর্ড এবং যানবাহন চলাচলের শৃঙ্খলাও চোখে পড়ার মতো। কোথাও একাধিক লেন, কোথাও আবার আরও প্রশস্ত মহাসড়ক। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময়ও সড়কের মানে বড় ধরনের তারতম্য চোখে পড়েনি।

দ্রুতগতির বাসযাত্রা, অথচ ক্লান্তি কম

তুরস্কের আন্তঃনগর বাসগুলো সাধারণত ঘণ্টায় ৮০ থেকে ১১০ কিলোমিটার কিংবা পরিস্থিতি ও নির্ধারিত গতিসীমা অনুযায়ী বিভিন্ন গতিতে চলেছে। জানালা দিয়ে বাইরের দৃশ্য দ্রুত পেছনে চলে যাচ্ছে, কিন্তু বাসের ভেতরে বসে গতির তীব্রতা তেমন অনুভূত হয়নি। মসৃণ সড়ক, প্রশস্ত লেন এবং বাসের আরামদায়ক আসন দীর্ঘ যাত্রাকে অনেক বেশি স্বস্তিদায়ক করে তুলেছে।

বিশেষ করে পাহাড়ি পথেও সড়কের বাঁক, উচ্চতা ও ঢাল এমনভাবে তৈরি করা হয়েছে যে বাসগুলো তুলনামূলক স্বাভাবিক গতিতে চলতে পারে। কোথাও পাহাড়ের ওপর দিয়ে, কোথাও টানেলের ভেতর দিয়ে, আবার কোথাও সুউচ্চ সেতুর ওপর দিয়ে এগিয়ে চলেছে বাস। যাত্রাপথে প্রকৃতির বৈচিত্র্য দেখার পাশাপাশি আধুনিক প্রকৌশলের নিদর্শনও উপভোগ করার সুযোগ হয়েছে।

তুরস্কে রয়েছে স্বয়ংক্রিয় টোলপ্লাজা। ছবি: সারাবাংলা

তুরস্কে রয়েছে স্বয়ংক্রিয় টোলপ্লাজা। ছবি: সারাবাংলা

স্বয়ংক্রিয় টোল প্লাজা

তুরস্কের মহাসড়কের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো- টোল আদায়ের আধুনিক ব্যবস্থা। প্রচলিত টোল প্লাজার মতো প্রতিটি গাড়িকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টাকা পরিশোধ করতে হয় না। দেশটিতে রয়েছে হিজলি গেচিশ সিস্টেম বা এইচজিএস (HGS)। এটি ইলেকট্রনিক টোল আদায়ব্যবস্থা, যেখানে গাড়ির নিবন্ধিত ট্যাগ বা নম্বরপ্লেট শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করা হয়।

অনেক টোল পয়েন্টে গাড়ি না থামিয়েই নির্ধারিত লেন দিয়ে পার হওয়া যায়। ফলে টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ার প্রবণতা কমে এবং যাত্রার সময়ও সাশ্রয় হয়। তুরস্কের মহাসড়ক অধিদপ্তর নন-স্টপ টোলিং ব্যবস্থা চালুর মাধ্যমে যানবাহনের সময় অপচয় কমানো ও দ্রুত চলাচল নিশ্চিত করার কথা জানিয়েছে।

শহর থেকে শহরে যোগাযোগে পরিকল্পিত সমন্বয়

তুরস্কের আন্তঃনগর যোগাযোগব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মহাসড়কের সঙ্গে শহরগুলোর সংযোগ। বড় শহরগুলোর বাইরে নির্মিত বাস টার্মিনালগুলোও মেট্রোরেল, ট্রাম ও নগর বাসের সঙ্গে যুক্ত। ফলে একজন যাত্রী শহরের এক প্রান্ত থেকে গণপরিবহনে করে বাস টার্মিনালে পৌঁছে দূরের কোনো শহরে যেতে পারেন। আবার গন্তব্যে পৌঁছে একইভাবে শহরের ভেতরে যাতায়াত করতে পারেন।

এভাবে সড়ক, আন্তঃনগর বাস, নগর গণপরিবহন এবং আধুনিক টোল ব্যবস্থার মধ্যে সমন্বয় তৈরি করা হয়েছে। ফলে শুধু মহাসড়ক নির্মাণেই উন্নয়ন থেমে থাকেনি; পুরো যাত্রাব্যবস্থাকে সহজ করার চেষ্টা রয়েছে।

আধুনিক তুরস্কের সড়ক যোগাযোগ। ছবি: সারাবাংলা

আধুনিক তুরস্কের সড়ক যোগাযোগ। ছবি: সারাবাংলা

বাংলাদেশের জন্য শিক্ষণীয়

তুরস্কের সড়ক যোগাযোগব্যবস্থা দেখে বাংলাদেশের কথা মনে পড়েছে। আমাদের দেশেও ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-খুলনা কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ মহাসড়কে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। পদ্মা সেতু, কর্ণফুলী নদীর টানেল এবং একাধিক এক্সপ্রেসওয়ে দেশের যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে। কিন্তু শুধু বড় অবকাঠামো নির্মাণ করলেই হবে না, সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, যান চলাচলের শৃঙ্খলা এবং আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করাও জরুরি।

তুরস্কের অভিজ্ঞতা থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটি পাওয়া যায়, তা হলো—সড়ক নির্মাণের পাশাপাশি সড়কের স্থায়িত্ব ও ব্যবহারযোগ্যতা নিশ্চিত করতে হবে। পাহাড়ি কিংবা সমতল, সবধরনের ভূপ্রকৃতিতে উপযোগী প্রকৌশল পরিকল্পনা গ্রহণ করতে হবে। টোল আদায়ে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং আন্তঃনগর যোগাযোগের সঙ্গে নগর গণপরিবহনের সমন্বয় করতে হবে।

ইস্তাম্বুল থেকে আনতালিয়া, আঙ্কারা ও বুরসা হয়ে আবার ইস্তাম্বুলে ফেরার দীর্ঘ যাত্রা আমার কাছে শুধু কয়েকটি শহর দেখার অভিজ্ঞতা নয়; বরং একটি দেশের সড়ক অবকাঠামো ও পরিকল্পিত যোগাযোগব্যবস্থা কাছ থেকে দেখার সুযোগ। পাহাড়ের বুক চিরে এগিয়ে যাওয়া মহাসড়ক, মসৃণ পথ, দ্রুতগতির বাস এবং স্বয়ংক্রিয় টোলব্যবস্থা—সব মিলিয়ে তুরস্কের আন্তঃনগর সড়ক যোগাযোগ সত্যিই আধুনিকতার এক অনন্য দৃষ্টান্ত।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর