চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ দোকানে বসা অবস্থায় মো. আবছার (৪০) নামের পুলিশের এক সোর্সকে গুলি করেছে দুর্বৃত্তরা।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে এসে তারা তাকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
উপজেলার কাঞ্চননগর তেমুহনী বাজারের উত্তর পাশে দিঘিরপাড় এলাকায় তার নিজস্ব ফার্নিচারের দোকানে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আবছার একই এলাকার মোহাম্মদ সাহাবু চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা ৩ জন অস্ত্রধারী দোকানে বসা আবছারকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, ‘আবছার আমাদের সাপোর্ট দিত। হয়তো সে কারণেই এ ঘটনা ঘটতে পারে।’
তিনি জানান, দুর্বৃত্তরা শটগানে ২ রাউন্ড এবং নাইন এমএম পিস্তলে ২ রাউন্ড গুলি চালায়। এতে আবছারের পায়ের হাটুর ওপরে ১ রাউন্ড ও হাতে ২ রাউন্ড গুলি লাগে। এ ছাড়া গুলির ছররা লেগে তার বুকেও আঘাত লাগে।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আজিজ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী মূলত পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।