ঢাকা: পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে তিনি ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করেন। দ্বিপাক্ষিক সংসদীয় সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার লক্ষ্যে তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
স্পিকারের নেতৃত্বাধীন এই উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদলে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী।
সফরকালে প্রতিনিধিদলটি পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারসহ দেশটির শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ও সংসদীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। নির্ধারিত সফরসূচি ও আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।