Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হোয়াইটওয়াশ হয়ে শান্ত বলেন- সামর্থ্যের ঘাটতি আছে

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ২২:৫১

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট ক্রিকেটে আলোচনায় উঠে এসেছিল বাংলাদেশ। স্মরণীয় সেই জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্নও দেখতে শুরু করেছিলেন সমর্থকেরা। কিন্তু কয়েক মাসের ব্যবধানে দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। টেস্টে টানা ব্যর্থ বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট হারার পর দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্রেফ উড়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। পাশাপাশি সব সংস্করণ মিলিয়েও দীর্ঘদিন জয়হীন দল। দক্ষিণ আফ্রিকার কাছে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার নিজেদের সামর্থ্যের সীমাবদ্ধতার কথা বললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আড়াই দিনেই বিশাল হার নিশ্চিত হয়েছে বাংলাদেশের। প্রথম টেস্টে জোহানেসবার্গে প্রথম ইনিংসে ৪০০ রান করেও ম্যাচ বাঁচাতে পারেনি দল। সেঞ্চুরিয়নে এসে ব্যাটিংয়ের করুণ দশা। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর ম্যাচে ফেরার পথ কার্যত বন্ধ হয়ে যায়।

এরপর বল হাতেও দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের বিপক্ষে ব্যর্থ বাংলাদেশের বোলাররা। ফিল্ডিংয়ে একের পর এক ক্যাচ হাতছাড়া হওয়ায় স্বাগতিকদের ইনিংস থামে ৭ উইকেটে ৪৯৪ রানে। যাতে বাংলাদেশের সামনে লিড দাঁড়ায় ৪০৩ রানের। সেখানেই ম্যাচের ফল অনেকটা লেখা হয়ে যায়। পরে দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানেই অলআউট হয়ে বড় পরাজয় নিশ্চিত করেছে সফরকারীরা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ব্যর্থতার পর সিরিজ শেষ হয়েছে ২-০ ব্যবধানে।

সিরিজ শেষে সংবাদ সম্মেলনে দলের সামর্থ্য নিয়ে প্রশ্নের মুখে বাস্তবতা মেনে নেন অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘সামর্থ্যের তো অবশ্যই ঘাটতি আছে। এটা স্বীকার করতেই হবে। তবে আমি মনে করি, আমরা মাঝখানে ভালো ক্রিকেটও খেলেছি। একটু আগে যেটা বললাম, নিয়মিত ওই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ।’

শুধু হারের কারণ খুঁজে বের করাই নয়, পরবর্তী টেস্ট সিরিজের আগে সেসব সমস্যা কাটিয়ে ওঠার ওপরও গুরুত্ব দিয়েছেন অধিনায়ক। সামনে প্রস্তুতির জন্য যে সময় পাওয়া যাবে, তা কাজে লাগাতে চান তাঁরা। শান্ত বলেন, ‘ম্যাচে হার-জিত থাকবেই। আমাদের খুঁজে বের করতে হবে, কোন জায়গায় আসলে ঘাটতি আছে। এই টেস্ট সিরিজের পর পরবর্তী টেস্ট সিরিজের আগে আমাদের হাতে কিছুদিন সময় আছে। তাই ভুলগুলো খুঁজে বের করে কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ।’

‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। এই তিন জায়গাতেই আমরা ভালো করতে পারিনি। আমার মনে হয়, এই তিন জায়গাতেই আমাদের উন্নতির অনেক সুযোগ আছে। সবসময় আমরা উন্নতির কথা বলি, কিন্তু এবার তা কাজে করে দেখাতে হবে।’- যোগ করেছেন বাংলাদেশ অধিনায়ক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর