Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিন দিনেই ইনিংস ব্যবধানে হার, দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ১৯:১৬ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ ২০:১৯

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে সেই আত্মবিশ্বাসের ছিটেফোঁটাও দেখা গেল না। জোহানেসবার্গে ৯ উইকেটে হারের পর সেঞ্চুরিয়নে রীতিমতো বিধ্বস্ত হলো সফরকারীদের। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ২১৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো নাজমুল হোসেন শান্তর দল।

সেঞ্চুরিয়ানে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সেখানেই ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।  চার পেসার নিয়ে খেলতে নামা বাংলাদেশ বল হাতে কিছু করতে পারে কিনা সেটা ছিল দেখার। কিন্তু বল হাতেও ব্যর্থ হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দক্ষিণ আফ্রিকা ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করায় তাদের লিড দাঁড়ায় ৪০৩ রানে। ম্যাচের ফল সেখানেই নির্ধারণ হয়ে গিয়েছিল।

বিজ্ঞাপন

ইনিংস ব্যবধানে হার এড়াতে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত কিছুর প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু সেই প্রত্যাশাও পূরণ করতে পারেনি ব্যাটাররা। উইয়ান মুল্ডারের দুর্দান্ত বোলিংয়ে ১৮৪ রানেই শেষ হয় সফরকারীদের দ্বিতীয় ইনিংস। তৃতীয় দিন দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়েই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের বিশাল হার।

দ্বিতীয় ইনিংসে অবশ্য শুরুটা একেবারে খারাপ ছিল না বাংলাদেশের। তানজিদ হাসান ও মাহফিজুল ইসলাম রবিন মিলে গড়েন ৪৮ রানের উদ্বোধনী জুটি। ৪৮ বলে ২৯ রান করে মুল্ডারের বলে রায়ান রিকেলটনের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। পরের ওভারেই একই বোলারের শিকার হন তিনে নামা মুমিনুল হক। কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি।

এরপর রবিন ও নাজমুল হোসেন শান্তর সঙ্গে ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তাওহীদ হৃদয়। ৬২ বলে ৭ চারসহ ৩৮ রান করে মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হন রবিন। দলীয় ৭৮ রানে তিন উইকেট হারানোর পর শান্ত-হৃদয়ের জুটিতে কিছুটা স্বস্তি ফেরে বাংলাদেশের ইনিংসে।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের চাপে রেখেছিলেন হৃদয়। ইয়ানসেনের এক ওভারেই তিনটি চার মারেন তিনি। রাবাদাকেও বাউন্ডারি হাঁকিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন এই ব্যাটার। তবে তার ইনিংস দীর্ঘ হয়নি। ৩৩ বলে ৭ চার ও এক ছক্কায় ৪১ রান করে জুবায়ের হামজার হাতে ক্যাচ দেন হৃদয়। শান্তর সঙ্গে তার ৭৬ বলে ৫০ রানের জুটি ভাঙার পর আবারও চাপে পড়ে বাংলাদেশ।

লিটন দাসকে সঙ্গে নিয়ে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন শান্ত। তবে ৩০ রানের জুটি ভাঙেন মুল্ডার। এরপর যেন বাংলাদেশের ব্যাটিংয়ের ওপর ঝড় বইয়ে দেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। জাকের আলী ও শরিফুল ইসলামকে পরপর ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেন। যদিও শেষ পর্যন্ত তা হয়নি, তবে নিজের টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেটের স্বাদ পান প্রোটিয়া তারকা।

সেখানেই থামেননি মুল্ডার। পরের ওভারে ৩৪ রান করা শান্তকে ফিরিয়ে দেন। এরপর তাসকিন আহমেদকেও বোল্ড করেন। শেষ পর্যন্ত ১১ ওভারে মাত্র ৩১ রান খরচায় ৭ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিংয়ের রেকর্ড গড়েন মুল্ডার। মার্কো ইয়ানসেন পান দুটি উইকেট।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পর ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর