ঢাকা: রাজধানীর পল্লবী এলাকায় মধুমতি ও বিহঙ্গ পরিবহনের দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা প্রায় ৭টা ২০ মিনিটে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি, লাইন-৭, বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন রাস্তার পাশে মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর পর রাত ১১টা ৩৫ মিনিটের দিকে কালশী রোডে বিহঙ্গ পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
জানা যায়, বাস দুটি পার্কিং করা অবস্থায় অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ সিট ও গ্লাস পুড়ে যায়।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) সোহানুর রহমান বলেন, ‘রাত ১১টা ৩৫ মিনিটের দিকে কালশী-পূরবী সড়কে উলটা বাবার মাজার সংলগ্ন রাস্তার পাশে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী কর্তৃক পার্কিং করা বিহঙ্গ পরিবহনের বাসে অগ্নিসংযোগ করে। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনে গাড়ির ভেতরের অধিকাংশ সিট এবং গ্লাস পুড়ে যায়।’
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, ‘মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। বাসটি মালিকের বাসার সামনে পার্কিং করা ছিল। আগুনে বাসটি আংশিক পুড়ে গেছে।’