Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডাক্তার ও নার্সদের উন্নত প্রশিক্ষণ প্রদানে কানাডার প্রতি স্বাস্থ্য উপদেষ্টার অনুরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ২১:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশের ডাক্তার, নার্স ও ফ্যাকাল্টি মেম্বারদের উন্নত প্রশিক্ষণ প্রদানে সহায়তা করার জন্য কানাডার প্রতি অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। একই সঙ্গে হাসপাতালগুলোর ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানজনিত ব্যাপারে প্রশিক্ষণের বিষয়েও সহযোগিতার অনুরোধ জানান তিনি।

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এমন অনুরোধ জানান তিনি। কানাডিয়ান হাইকমিশনের কর্মকর্তা এডওয়ার্ড ক্যাবরেরা, ফারজানা সুলতানা ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. মামুনুর রশীদ এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টার অনুরোধের প্রেক্ষিতে কানাডার হাইকমিশনার বলেন, কানাডা সরকার বাংলাদেশের সাথে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে। বিশেষত স্বাস্থ্য খাতে আইসিডিডিআরবি এবং ব্র্যাকের সাথে কাজ করে যাচ্ছে। কানাডায় বিপুল সংখ্যক বাংলাদেশির বসবাস রয়েছে। বাংলাদেশে যদি কিছু হয় সেটার প্রভাব কানাডাতেও পড়ে।

সাক্ষাতে স্বাস্থ্য উপদেষ্টা সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের ব্যাপারে হাইকমিশনারকে অবহিত করে বলেন, বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে আমরা অনেক সন্তানকে হারিয়েছি। অনেক ছাত্র জনতার স্থায়ীভাবে অঙ্গহানি হয়েছে। তাদের যথাযথ চিকিৎসা এবং রিহ্যাবিলিটেশনে সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, গুরুতর আহতদের কয়েকজনকে রোবোটিকস ফিজিওথেরাপি চিকিৎসার জন্য ব্যাংককে পাঠানো হয়েছে। এ ধরনের ব্যয়বহুল যন্ত্রপাতি আমাদের দেশে নেই। আন্দোলনে আহতদের জন্য এক সেট রোবোটিকস ফিজিওথেরাপি যন্ত্রপাতি চায়না সরকার থেকে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। সেটা স্থাপন করলে দেশেই আহতদের রোবোটিকস ফিজিওথেরাপির চিকিৎসা দেয়া সম্ভব হবে।

সারাবাংলা/এসবি/আরএস